১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগৃতি প্রকাশনীর লক্ষ্য বাংলাদেশে উন্নত
জীবন, সমাজ, জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বই প্রকাশ করা।
আধুনিক
যুগে প্রত্যেক জাতি আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বাস করে। আন্তর্জাতিকতাবাদ
জাতীয়তাবাদের সম্পূরক। উন্নত প্রযুক্তির যুগে জাতীয়তাবাদ ও তার সম্পূরক
আন্তর্জাতিকতাবাদের প্রয়োজন বহুগুণ বেড়েছে। কিন্তু আধিপত্যবাদী পরাশক্তি
বিশ্বব্যাপী মানবজাতির সংহতির সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। এ অবস্থায়
আন্তর্জাতিকতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের অনুকূলে বই প্রকাশ করাও জাগৃতি
প্রকাশনীর অন্যতম লক্ষ্য।
জাগৃতি প্রগতি ও গণজাগরণে বিশ্বাস করে।
জাগৃতি চায় নতুন রেনেসাঁস। জাগৃতি অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বুদ্ধির
মুক্তি এবং শুভবুদ্ধির বিকাশ কামনা করে। সকল গতি প্রগতি নয়। যে গতির মর্মে
শুভবুদ্ধি, মানবকল্যাণ, সৃষ্টিশীলতা ও আবিষ্কার-উদ্ভাবনের ধারা বিকাশশীল
থাকে সেই গতিই প্রগতি। রেনেসাঁস, প্রগতি ও গণজাগরণের উদ্দেশ্যে বই প্রকাশ
করা জাগৃতির আরেকটি লক্ষ্য।
রেনেসাঁস, প্রগতি ও সৃষ্টিশীলতার
অপরিহার্য শর্ত ঐতিহ্যচেতনা ও ইতিহাসের শিক্ষা অবলম্বন করে সামনে চলা।
সেজন্য ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গ্রন্থ প্রকাশেও জাগৃতি আগ্রহী। ছোটগল্প,
কবিতা, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা থেকে আরম্ভ করে জ্ঞানের সকল শাখা ও
বিভিন্ন মতাদর্শের বই প্রকাশের বেলায় জাগৃতি উক্ত বিষয়গুলোকে বিবেচনায়
রাখে। শিশু-কিশোরদের জন্য উৎকৃষ্ট গ্রন্থ প্রকাশে জাগৃতি বিশেষভাবে আগ্রহী।
জাগৃতি বাংলাদেশে বাঙালি জাতির নতুন সাহিত্য সৃষ্টি দ্বারা সমৃদ্ধ নবযুগ সৃষ্টির আকাঙ্ক্ষা রাখে।
জাগৃতি সকলের শুভকামনা প্রত্যাশা করে।
Most Popular Books of Jagriti