লেখক » প্রবন্ধকার » সুফিয়া কামাল প্রদর্শিত হয়েছে ১১৯২ বার

সুফিয়া কামাল

সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। তিনি ১৯১১ সালের ২০শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন।


যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙ্গালি মুসলিম নারীদের কাটাতে হত গৃহবন্দি জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিলো না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ এক রকম নিষিদ্ধ ছিল। ঐ বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন।

প্রতিকূল পরিবেশে বসবাস করেও বাংলা ভাষা চর্চায় তিনি ছিলেন গভীর অনুরাগী। ছোটবেলা থেকেই তাঁর কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তাঁর কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। পারিবারিক জীবনের নানা বেদনাদায়ক অভিজ্ঞতা সত্ত্বেও তাঁর কাব্যচর্চা অব্যাহত থাকে। তাঁর কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়।

তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সাহিত্য সাধনা, সমাজসেবা ও নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু মহিলা কবি হিসেবে বরণীয় হননি, বাংলাদেশের জনমানসে ভাস্বর হয়েছেন নন্দিত মাতৃমূর্তিতে। তাঁকে বাংলাদেশের জনগণ "জননী সাহসিকা" অভিধায় অভিষিক্ত করেছে।

সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছেঃ কাব্য- 'সাঁঝের মায়া', 'মায়া কাজল', 'উদাত্ত পৃথিবী', 'মন ও জীবন', 'মৃত্তিকার ঘ্রাণ' এবং গল্পগ্রন্থ- 'কেয়ার কাঁটা'; স্মৃতিকথামূলক গ্রন্থ- 'একাত্তরের ডাইরী'; শিশুতোষ গ্রন্থ- 'ইতল বিতল' ও 'নওল কিশোরের দরবারে'।

অনেকগুলো পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন সুফিয়া কামাল। উল্লেখযোগ্য পুরস্কারগুলো হচ্ছেঃ "বাংলা একাডেমী পুরস্কার", "একুশে পদক", "নাসির উদ্দিন স্বর্ণপদক" ইত্যাদি।

তিনি ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
সুফিয়া কামাল
সুফিয়া কামাল
জন্ম
২০ জুন, ১৯১১
মৃত্যু
২০ নভেম্বর, ১৯৯৯